ভারতের বিশাখাপত্তনম-এ আন্তর্জাতিক নৌ মহড়া এক্স মিলান -২০২২ এ অংশগ্রহণ শেষে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’ রবিবার (৬ মার্চ) চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে। জাহাজটি চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায়। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজটি গত ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত ভারতের বিশাখাপত্তনম-এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া এক্স মিলান ২০২২ এ অংশগ্রহণ করে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূঁঞা’র নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌ-সদস্য এই মহড়ায় অংশগ্রহণ করে।
জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সফরের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছিল।









