বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল পরিচালনা বোর্ডের ৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ মার্চ) শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২১-২২ অর্থ বছরে তহবিল হতে অনুদান বিতরণ ও শ্রমকল্যাণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বোর্ড সদস্যরা আলোচনা করেন।
বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমীন এর সঞ্চালনায় সভায় বিটিআরআই এর পরিচালক ড. মোহাম্মদ আলী, প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক, বিভাগীয় শ্রম দফতর শ্রীমঙ্গল এর উপপরিচালক নাহিদুল ইসলাম, বাংলাদেশীয় চা সংসদের সদস্য এম ওয়াহিদুল হক ও তাহসিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি পঙ্কজ আউলেসিয়োস কন্দ ও পরেশ কালিন্দী উপস্থিত ছিলেন।








