করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের ডা. সাবরিনা শারমিন হোসেনের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলার বিচার কাজ আগামী ২৩ মে এর মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে বিচার কাজ শেষ না হলে সাবরিনার জামিন বিবেচনা করতে বলেছেন আদালত।
সাবরিনার জামিন বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন
আদালতে ডা. সাবরিনার পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুর উস- সাদিক।
এর আগে করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগের মামলায় গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের ডা. সাবরিনা শারমিন হোসেন হাইকোর্টে জামিন আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে ২০২১ সালের ১৪ ডিসেম্বর সাবরিনাকে জামিন দিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট।









