বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘সরকারের মন্ত্রীরা বলছেন রাশিয়া-ইউক্রেনে যে যুদ্ধ চলছে, তার কারণে নাকি জিনিসপত্রের দাম বাড়ছে। যুদ্ধ ১৩-১৪ দিন ধরে চলছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নিশ্চয় আমাদের অর্থনীতিতে প্রভাব পড়বে। কিন্তু আমাদের এখানে চালের দাম, ডালের দাম, নিত্যপ্রয়োজনী পণ্যের দাম বৃদ্ধি ১২-১৩ দিনের বিষয় না। গত ১২-১৩ বছর ধরে এখানে দাম বেড়েই চলছে। এর সঙ্গে যুদ্ধের প্রত্যক্ষ কোনও সম্পর্ক নেই।’
বৃহস্পতিবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে সোনার বাংলা পার্টি আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘সরকার যুদ্ধের কথা বলছে নিজেদের দুর্নীতিকে আড়াল করার জন্য। ব্যর্থতাকে আড়াল করবার জন্য, সিন্ডিকেটকে আড়াল করার জন্য। আন্তর্জাতিক বাজারের কথা বলে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কথা বলে তারা পার পেতে চায়।’
তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সঙ্গে পেঁয়াজের দাম বাড়ার সম্পর্ক কী? পেঁয়াজ তো রাশিয়া উৎপাদন করে না, ইউক্রেনও করে না। তারা যা খুশি তাই বলে। ৭-১০ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজি ১৫-২০ টাকা। এমন কোনও জিনিস নেই যার দাম বাড়েনি।’
তিনি আরও বলেন, ‘গত ১০ বছরে পানির দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে কয়েক গুণ এবং জ্বালির দাম, এলপিজি গ্যাসের দাম বাড়ছে। যার সঙ্গে যুদ্ধের প্রত্যক্ষ কোনও সম্পর্ক ছিল না। তার মানে সরকার এখন কোনোকিছুর ব্যাখ্যা করতে না পেরে এসব কথা বলছে।’
মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও ছিলেন সোনার বাংলা পার্টি সদস্যরা।









