টাঙ্গাইলের আশেকপুরে সংসদ সদস্য (এমপি) তানভীর হাসান ছোট মনিরের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ করেছেন টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ডের আশেকপুর মৌজার বাসিন্দা মো. শাহানুর ইসলাম ঠান্ডু।
শনিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন করছেন এমন খবর পেয়ে সন্ত্রাসীরা বিকালে আবারও হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে শাহানুর ইসলাম ঠান্ডু বলেন, টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ডের আশেকপুর মৌজায় পৈত্রিক সূত্রে দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে বসবাস করছি। এই মৌজায় বাবার কাছ থেকে ১৯৬৭ সালে ৪৭৮৬ নং সাব-কবলা দলিলে ১৭ শতাংশ জামি পাই। যার এসএ খতিয়ান নং-১৭৮, এসএ দাগ নং-২৪৬/৩০৩। পরে একই বছরের ১২ ডিসেম্বর বায়নাপত্র মূলে আদালতের ডিক্রিপ্রাপ্ত হয়ে ৪৮ শতাংশ ভূমি ২৪/০৯/১৯৭৮ নং ডিক্রিজারি মোকদ্দমা মূলে ১৯৭৮ সালের ২৭ নভেম্বর নালিশী ভূমি রেজিস্ট্রেশন হয়। এরপর ১৯৮০ সালে ওই ভূমি আদালতের মাধ্যমে দখল পেয়ে সপরিবারে ভোগ দখল করছি।’
তিনি বলেন, ‘তবে যে হাল জরিপে নালিশী সিএস দাগ নং ৯১/৯১, এর ১/১ খতিয়ানে রেকর্ড হয়; ওই রেকর্ড সংশোধনের জন্য টাঙ্গাইলের ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে ১২৩৮/২০১৬ নং রেকর্ড সংশোধনের মোকদ্দমা আদালতে বিচারাধীন। এরপরও বর্তমানে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের মদদপুষ্ট সন্ত্রাসীরা বাড়ি ছাড়া করার পায়তারা করছেন। এর আগে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ছোট মনির সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে নিজ বাড়ি হতে জোর করে তুলে নিয়ে ওই জমি ছাড়ার নির্দেশ দেন এবং প্রাণ নাশের হুমকি দেন।’
শাহানুর ইসলাম ঠান্ডু বলেন, ‘এই জমি নিয়ে বিরোধে আমার বাবাকে ১৯৮১ সালে হত্যা করা হয়। এই জমি ছেড়ে না দিলে আমার পরিণতি আমার বাবার মতো হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। গত ৩ মার্চ পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা আমার বাড়িতে প্রবেশ করে টিনের বাউন্ডারি বেড়া, লোহার গেট, ৮টি সিসিটিভি ক্যামেরা ভেঙে ট্রাকে লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে আমার স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে। এ ঘটনায় মামলা করলে আমাকে খুন ও লাশ গুমের হুমকি দেয় দুর্বৃত্তরা।’
‘একই বিষয়ে গত ৮ মার্চ টাঙ্গাইল সদর মডের থানায় একটি মামলা দায়ের করলে সেদিন রাত ১টার দিকে একই সন্ত্রাসীরা আবারও আমার বসতবাড়ি দখল ও হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। হামলার ঘটনার সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, এমপি ছোট মনিরের মদদপুষ্ট টাঙ্গাইলের সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের প্রধান মো. হোসেন সাদাব অন্তুর (মনি)নেতৃত্বে এই হামলা চালানো হয়। মামলার আসামিদের মধ্যে ১-৫ জন আমার বাবার হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে জেল খাটে,’ বলেন তিনি।
মামলার আসামিরা হলো—মো. আলী হোসেন (৬৫), মো. আব্দুল (৫৭), মো. সবদুল মিয়া (৫৫), মো. তায়েব আলী (৫০), মো. আরিফ (৪০), শহিদুল ইসলাম (৩০), ফিরোজ মিয়া (৩৪), সোহাগ (২৮), মো. আমিনুল ইসলাম (২৭), মো. রফিকুল ইসলাম (৬০), মো. সাহেদ পারভেজ (৫০), শাহজামাল (৪০), মো. শামছুদ্দোহা জোয়াদ্দার (৫০), মো. রফিকুল ইসলাম (মনির) (৪০), রাসেল পারভেজ (৬৫), মো. রফিকুল ইসলাম (৪৫), নাজমুল হুদা আকন্দ (৪০) ও হজরত আলী (৫৫)।
শাহানুর ইসলাম ঠান্ডু আরও অভিযোগ তুলে বলেন, ‘পুলিশ আসামিদের গ্রেফতার না করায় পুনরায় হামলা চালিয়েছে। এ ঘটনায় যেকোনও সময় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করছি। ফলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছি।









