শিশুকে জিম্মায় চেয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেলে মুশফেক আলমের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী তাসনোভা ইকবালের করা আবেদনের শুনানির জন্য আগামী ৩ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
মুশফেক আলমের পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৩ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে বাবার পক্ষে সময় আবেদন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। অন্যদিকে মায়ের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম ও সাবরিনা জেরিন।
এর আগে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, তার স্ত্রী ও ছেলে মুশফেক আলমকে বিবাদী করে হাইকোর্টে রিভিশন মামলা করেন মুশফেকের সাবেক স্ত্রী তাসনোভা ইকবাল। ওই মামলায় মাকে দেখতে না দিয়ে ৫ বছর বয়সী শিশুকে ১৭ মাস ধরে আটকে রাখার অভিযোগ আনা হয়।
পরে পাঁচ বছরের কন্যা সন্তানকে দেশের বাইরে না নিতে বাবা মুশফেক আলমের ওপর নিষেধাজ্ঞা এবং মায়ের জিম্মায় চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মা। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। সে রুলের শুনানি শেষে হাইকোর্ট রায় দেন। রায়ে শিশুটি বাবার কাছে সপ্তাহে চার দিন এবং মায়ের কাছে তিন দিন থাকবে মর্মে রায় দেন। ওই রায়ের বিরদ্ধে আপিল দায়ের করেন তার মা।









