রাজধানীর দক্ষিণখান থানা পুলিশের ওপর হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। এ সময় পুলিশের হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—লস্কর আলী, মো. নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. নজরুল ইসলাম, ঝিনুক, মোসা. খুশি ও চম্পা।
গোয়েন্দা মিরপুর জোনাল টিম রবিবার (১৩ মার্চ) উত্তরার তুরাগ থানাধীন নলভোগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, গত ১৩ মার্চ দুপুর ১২টা ৪০ মিনিটে দক্ষিণখান থানার একটি দল কোটবাড়ী রেলগেট চেকপোস্ট সংলগ্ন এলাকায় চেকিং কার্যক্রম পরিচালনা করাকালীন গাঁজাসহ মো. কামরুল ইসলাম এবং জহিরুল ইসলাম নামের দুই জনকে গ্রেফতার করে। পরে অজ্ঞাতনামা ৩০-৪০ জন পুলিশের ওপর হামলা করে এলোপাতাড়ি ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করে পুলিশের হ্যান্ডকাপসহ গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। তাদের অতর্কিত হামলায় আভিযানিক দলের একজন এএসআইসহ ৫ জন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নামে দক্ষিণখান থানায় একটি মামলা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পওয়া তথ্য সম্পর্কে এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা বলেন, ‘গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।’









