কর্মকর্তাদের শতভাগ গ্রাহকবান্ধব ডেসকো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী। বৃহস্পতিবার (১৭ মার্চ) ডেসকোর প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
এর আগে সকালে বিদ্যুৎ ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সে সময় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের চেয়ারম্যান এ টি এম মোস্তফা কামাল, ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী, নির্বাহী পরিচালক (প্রশাসন ও এইচআর), যুগ্ম সচিব খন্দকার জহিরুল ইসলামসহ নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। এরপর ডেসকোর প্রধান কার্যালয়েও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ডেসকোর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, সোনার বাংলা গড়ে তোলার লক্ষে জাতির পিতা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বত্বে মুজিববর্ষে দেশ শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে শতভাগ গ্রাহকবান্ধব ডেসকো গড়ে তোলার আহ্বান জানান। তিনি জাতির পিতার আদর্শে জীবন গড়ে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সরার প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, দিবসটি উপলক্ষে ডেসকোর পক্ষ হতে নিকুঞ্জস্থ মাদ্রাসা-ই-নূরিয়া ও এতিমখানায় পবিত্র কোরআন খতম ও দোয়ার আয়োজন এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।









