বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ আয়োজনে শান্তি সহায়তা কার্যক্রমের ওপর একটি দ্বিপাক্ষিক অনুশীলন এক্সারসাইজ টাইগার লাইটনিং-৩ এর মূল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) সেন্টারে এই অনুশীলনের উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বলেন, ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে কার্যকর অবদান রাখবে। বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো ক্ষেত্র।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনীর রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বৈরী পরিবেশে সফল অভিযান পরিচালনার সমৃদ্ধ ইতিহাস। অপরদিকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর রয়েছে বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতিতে বিশ্বব্যাপী সফলভাবে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা। এক্ষেত্রে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনীই লাভবান হবে।’ পরিশেষে এই অনুশীলন সুন্দরভাবে পরিকল্পনার জন্য তিনি বিপসট এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ড ও ওরিগন ন্যাশনাল গার্ডসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুশীলনের সার্বিক সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কমান্ড্যান্ট বিপসট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান আগত অতিথি এবং অনুশীলনে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের পক্ষ হতে মেজর জেনারে মাইকেল ই. স্টেনসেল, অ্যাডজুটেন্ট জেনারেল, ওরিগন ন্যাশন গার্ড এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, অনুশীলন টাইগার লাইটনিং- ৩, যা ৬-৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিকূল নিরাপত্তা পরিবেশে পরিস্থিতির সঠিক মূল্যায়ন, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং আকস্মিক চ্যালেঞ্জ মোকাবিলায় তড়িৎ ব্যবস্থা গ্রহণে অংশগ্রহণকারীদের দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যেই এই অনুশীলনের আয়োজন করা হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে নিবিড় সহযোগিতা চলমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনও বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং সব সময়ই যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে। এ ক্ষেত্রে দ্বিপাক্ষিক এবং বহু-পাক্ষিক অনুশীলন পরস্পরের মধ্যে দক্ষতা ও জ্ঞানের সমন্বয় সাধন এবং অভিজ্ঞতা বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখে। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০১৭ ও ২০২১ সালে টাইগার লাইটনিং ১ ও ২ যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয় এবং এরই ধারাবাহিকতায় তৃতীয় অনুশীলনটি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে।









