মরিশাসগামী কর্মীদের জন্য একটি তিন দিনের প্রাক বহির্গমন প্রশিক্ষণের টুলকিট তৈরি করেছে বেসরকারি সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। বুধবার (২৩ মার্চ) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই প্রশিক্ষণ টুল কিটের মোড়ক উন্মোচন করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহীদুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক বলেন, এই টুল কিট তৈরি করার আগে আমরা কর্মীদের সঙ্গে কথা বলেছি। তাদের পছন্দ অপছন্দ, সমস্যা, অসুবিধা সব জেনে এই মডিউল তৈরি করা হয়েছে।
ওকাপ চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, এই মডিউল বিশেষ করে মরিশাসগামী অভিবাসী কর্মীদের জন্য করা হয়েছে। এই মডিউলের কনসেপ্ট আমরা নিয়েছি লেবাননগামী গৃহকর্মীদের জন্য ২০১২ সালে আমরা একটি মডিউল তৈরি করেছিলাম সেখান থেকে।
ওকাপের সাফল্য কামনা করে প্রধান অতিথির বক্তব্যে বিএমইটি মহাপরিচালক মো. শহীদুল আলম বলেন, ‘যারা ট্রেনিং করাবে তাদের সম্ভবত প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। যেসব জেলা থেকে মরিশাসে লোক বেশি যায়, সেখানকার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) আপনারা নির্বাচিত করুন। ইন্সট্রাক্টরদের ডাকুন, আমার ২৫ জন ইন্সট্রাক্টরদের যদি আপনারা নিবেদিত করে দিতে পারেন, তাহলে দেশের উপকার হবে। তাহলে সে বুঝতে পারবে জন্ম হিসেবে স্বার্থকতা কোথায়।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো বিল্লাল হোসেন, বিএমইটি’র উপপরিচালক রেজওয়ানুল হক চৌধুরী, পরিচালক সালাহউদ্দিন প্রমুখ।









