সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক বলেছেন, দেশকে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে নিতে কার্যক্রম চলছে। এটি সফল করতে নতুন প্রজন্মকে পূর্বসূরিদের থেকে আরও আধুনিক ও পরিবর্তনশীল করে গড়ে তুলতে হবে।
সিআরআই’র ত্রৈমাসিক পলিসি বিষয়ক ম্যাগাজিন হোয়াইটবোর্ডের সপ্তম সংখ্যার সম্পাদকীয়তে এসব কথা বলেন তিনি।
রাদওয়ান মুজিব আরও বলেন, ‘বিশ্বের ক্রমবর্ধমান পরিবর্তনকে মোকাবিলা করতে পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার বিষয়কে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’
আগামী দুই দশকে দেশকে দুটি মাইলফলকে এগিয়ে যেতে হবে জানিয়ে ত্রৈমাসিক হোয়াইটবোর্ডের প্রধান সম্পাদক রাদওয়ান মুজিব বলেন, ‘২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল ও ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত-সমৃদ্ধ অর্থনীতিতে উন্নীত হতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমানে যারা স্কুলে পড়ছে, তারাই আগামী দুই দশকে দেশকে নেতৃত্ব দিয়ে অগ্রগতি অব্যাহত রাখার দায়িত্ব পালন করবে।’
এক পর্যবেক্ষণে তিনি বলেন, ‘আগামী ২০ বছরে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ভবিষ্যৎ নীতিনির্ধারকদের কথা ভাবতে হবে।’
দেশ পরিচালনায় বিশ্বের নাম করা গবেষক ও লেখকদের নানা পরামর্শভিত্তিক প্রবন্ধ নিয়ে দেশের প্রথম নীতিনির্ধারণ বা পলিসি বিষয়ক ম্যাগাজিন হোয়াইটবোর্ড।
এর সপ্তম কিস্তিতে দেশের শিক্ষা ব্যবস্থার ‘ব্যাপক সংস্কার’ করার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রবন্ধ তুলে ধরা হয়েছে। মার্চ মাসে প্রকাশিত সংখ্যাটি পড়তে এই লিংকে ক্লিক করুন: https://whiteboardmagazine.com/issue-07/
খবর: বাসস









