করোনার আঘাতে মানুষ যখন বিপর্যস্ত, তখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের দৈনন্দিন জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। এর মধ্যেই ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে সরকার আবারও গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। শুক্রবার (২৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাস-বিদ্যুৎ-তেল-পানিসহ নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যমূল্য কমানোর দাবিতে নতুনধারা বাংলাদেশ আয়োজিত এক সমাবেশ থেকে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, ‘স্বাধীনতার মাসে পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের অন্যায়ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি থামাতে রাষ্ট্রকে কার্যকর পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে ক্রয় ক্ষমতা বেড়েছে বলে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধিদের ষড়যন্ত্রময় মিথ্যা কথা থামাতে হবে।’
তারা আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকে কোনও সরকারই দ্রব্যমূল্য কমানোর কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি গ্যাস-বিদ্যুৎ-তেল পানিসহ সব প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়াতে তাদের ইন্ধন ছিল। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তখন সেই সরকারের যোগসাজশে এসব হয়েছে।’
সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।









