স্বাধীনতা দিবস ও নারী দিবস উদযাপন করেছে বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি)। সোমবার (২৮ মার্চ) রাতে রাজধানীর গুলশান-২ নম্বরে ইন্ডিয়ান হাউসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্বাধীনতা দিবস ও নারী দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মাসেই। পেশাগতভাবে সাকসেসফুল নারীদের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে বিআইবিসি। সবকিছুতেই নারীদের কন্ট্রিবিউশন রয়েছে। নারীদের ক্ষমতায়ন দিন দিন বাড়ছে। অর্থনৈতিক উন্নয়নে নারীদের ভূমিকা অনেক।
কৃষিমন্ত্রী বলেন, আমি মনে করি, এটি আরও এগিয়ে যাবে। নারীদের এগিয়ে যাওয়ার অসংখ্য গল্প রয়েছে সমাজের বিভিন্ন স্তরে। বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রোগ্রাম ও আইন নারীদের এগিয়ে যেতে সহায়তা করছে। পরিবার থেকে নির্যাতিত হলেও পরবর্তী সময়ে আত্মবিশ্বাসী হয়ে অনেক নারীর স্বাবলম্বী হওয়ার বেশ কিছু উদাহরণ তুলে ধরেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূরণ হয়ে ৫১ বছর অতিবাহিত হচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। স্বাধীনতা যুদ্ধের অসংখ্য গল্প রয়েছে। স্বাধীনতা যুদ্ধ থেকে এখন পর্যন্ত ভারত-বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে। উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় রয়েছে।
সূচনা বক্তব্যে বিআইবিসি’র প্রেসিডেন্ট মানতাশা আহমেদ চলমান মহামারির মধ্যেও কৃষি খাতকে স্বয়ংসম্পূর্ণ রেখে খাদ্য উৎপাদনে ভূমিকা রাখায় কৃষিমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, যখন কোনও কৃষক ক্ষেত-খামারে কাজ করতে যান, তখন তার সহায়ক হিসেবে পরিবারের নারী সদস্যরা অ্যাক্টিভলি সহায়তা করে থাকেন। কৃষিতে নারীদের ভূমিকা অনস্বীকার্য বলেও মন্তব্য করেন তিনি।
বিভিন্ন ক্ষেত্রে সফল নারী উদ্যোক্তারা এ সময় তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। নিজেদের অগ্রযাত্রার বিভিন্ন বিষয় তুলে ধরে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন নারী উদ্যোক্তারা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য জেমকন গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য নাঈম রাজ্জাকসহ বিআইবিসি’র নারী উদ্যোক্তারা।









