পেশাজীবী কিংবা সাধারণ মানুষ যারা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন তাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘বিকজ উই কেয়ার’ নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। ‘লাইট অব হোপ’ প্রকল্পের আওতায় ৮টি সেশনের মাধ্যমে ১০ জন অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দিয়েছে সংগঠনটি। শনিবার (২ এপ্রিল) সবগুলো সেশনের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
উলকাসেমি’র সহায়তায় এই আটটি সেশন তাদের কার্যালয়ে পরিচালনা করা হয়। এর মধ্যে আছে বাংলা ও ইংরেজি বর্ণমালা, গাণিতিক সংখ্যা চেনানো, ট্রাফিক নিয়ম, ইমারজেন্সি হটলাইন নম্বরের ব্যবহার, অফিস ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজ, মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসা, অবসাদ দূরীকরণ, অফিস কীভাবে পরিচালনা করা যায় এবং স্বাস্থ্য সচেতনতা।
বিকজ উই কেয়ারের প্রতিষ্ঠাতা আনিকা হোসেন জানান, গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই সেশনগুলো। এগুলো পরিচালনা করা হয় দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে। প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থীদের নিবিড়ভাবে মনিটর করে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সেশনগুলো পরিচালনা করা হয়। সবগুলো সেশন শেষ হওয়ার পর তাদের মূল্যায়নের জন্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়। তারা বেশিরভাগই ভালো ফলাফল করেছেন। এই প্রকল্পের শেষ দিনে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষকদের সঙ্গে উলকাসেমির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।









