ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবাসিক হলে রুমে ঢুকে সিনিয়র শিক্ষার্থীর ওপরে হামলা ও আহত করার ঘটনায় ছয় শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন।
সোমবার (৪এপ্রিল) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও হল প্রভোস্ট অধ্যাপক আবদুল বাছিরের সই করা বহিষ্কার আদেশে ছয় শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন— সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসফিউর রহমান,ক্রিমিনোলজি বিভাগের সফিউল্লাহ সুমন,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাঈমুর রশীদ, ম্যানেজম্যান্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির আল হাসান কাইয়ুম, ম্যানেজম্যান্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী মো. ফিরোজ আলম অপি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ।
বহিষ্কারাদেশে বলা হয়, বিগত ২৬ মার্চ (শনিবার) সকাল ৮টা ২০ মিনিটে বিজয় একাত্তর হলের পদ্মা ২০১০ নম্বর কক্ষের দুই জন আবাসিক শিক্ষার্থী মো. আখলাকুজ্জামান অনিক (মাস্টার্স, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ) এবং মো. রাজীব আহমেদ (মাস্টার্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স)-এর ওপর হামলা ও মাথায় আঘাত করার লিখিত অভিযোগের পর ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি ঘটনার সঙ্গে নিম্নোক্ত সবার সংশ্লিষ্টতায় দালিলিক প্রমাণ পেয়েছে। তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত অভিযুক্ত শিক্ষার্থীদের বিজয় একাত্তর হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য,গত ২৬ মার্চ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে বিজয় একাত্তর হলের ২০১০ নম্বর রুমে ঢুকে হলে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আবাসিক শিক্ষার্থী মো. আখলাকুজ্জামান অনিক এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের মাস্টার্সের আবাসিক শিক্ষার্থী মো. রাজীব আহমেদের ওপর হামলা চালায় বহিষ্কৃতরা। এতে অনিক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল হাসাপাতালে চিকিৎসা নেন।









