বিএনপি নেতা ইশরাক হোসেনকে বহনকারী প্রিজনভ্যানে হামলার অভিযোগে গ্রেফতার বিএনপির ১২ নেতাকর্মীকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মনিরুজ্জামান মনি ওরফে মনির মাতব্বর, মো. রাসেল, মো. আলাউদ্দিন, ইমতিয়াজ হাসান জনি, ওবায়দুর রহমান পারভেজ, মো. ওলি, সোয়েব হোসেন, মো. ইমরান, শহিদুল হক ওরফে শহিদুল্লাহ, মো. সেন্টু ও কুতুব উদ্দিন মন্ডল ও আব্দুর রব।
এর আগে, বুধবার (৬ এপ্রিল) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশের পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তাকে বহনকারী প্রিজনভ্যান আদালত প্রাঙ্গণ থেকে বের করা হয়। পরে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পথে সিএমএম আদালত সংলগ্ন রায়সাহেব বাজার মোড়ে প্রিজনভ্যানটিতে হামলা করে ইশরাকের সমর্থকরা।
এ সময় সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়েছে।









