কিডনি বিকল রোগীদের চিকিৎসা অব্যাহত রাখতে ডায়ালাইসিস খরচ আরও কমিয়েছে গণস্বাস্থ্য হাসপাতাল। বুধবার ( ১৩ এপ্রিল) গণস্বাস্থ্য হাসপাতাল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য হাসপাতাল জানায়, বিকল কিডনি রোগীদের বেঁচে থাকার চিকিৎসার অন্যতম ব্যবস্থা ডায়ালাইসিস। কিন্তু ডায়ালাইসিসের খরচ অত্যন্ত ব্যয়বহুল। সেইসঙ্গে বিকল কিডনি রোগীদের বেশিরভাগই অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত থাকে। এছাড়া অন্যান্য চিকিৎসা খরচ, ওষুধ, যাতায়াতসহ অনেক কিছুই রয়েছে। আর এসব কারণেই কিডনি বিকল রোগীরা ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। একপর্যায়ে তারা ডায়ালাইসিস করাতেও পারে না। এ কারণে এর আগেও এ হাসপাতালের ডায়ালাইসিস সেন্টার ডায়ালাইসিসের খরচ কমিয়েছিল। আর এবারে খরচ আরও কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে হাসপাতালটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল) থেকে গণস্বাস্থ্য হাসপাতালে দরিদ্র বিকল কিডনি রোগীদের ডায়ালাইসিসের আর্থিক গ্রুপভিত্তিক খরচ আরও কমছে। দূর থেকে আসা বা কর্মজীবী বিকল কিডনি রোগীদের জন্য হাসপাতালে রাত ৮টা থেকে ভোর ৫টার বিশেষ শিফটে আর্থিক গ্রুপ ভিত্তিতে ৫০০ থেকে এক হাজার টাকায় হেমোডায়ালাইসিস করার সুবিধা দেওয়া হবে। আর ডায়ালাইসিস চলাকালীন সময়ে হাসপাতাল থেকে ফ্রি খাওয়ার ব্যবস্থাও থাকবে, থাকবে বিশ্রামের ব্যবস্থা রয়েছে ।
এছাড়া ঢাকা শহরের আশপাশে রাতের শিফটের রোগীকে ১০০ টাকায় বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।









