চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর সম্পাদিত ও প্রকাশিত ৪৯৬ পৃষ্ঠার ‘সংবাদ শিরোনামে বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘সংবাদ শিরোনামে বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া সভায় অংশ নেন।
এ সময় ড. হাছান মাহমুদ বলেন, ‘১৯৫২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে যে সংবাদগুলো পরিবেশিত হয়েছিল, সেগুলো এই বইতে স্থান পেয়েছে। এমন তথ্য সংবলিত দুর্লভ চিত্র এখানে আছে, যা দেখলে পুরো বইটি পড়তে ইচ্ছে হয়।’ তিনি বলেন, ‘তখনকার দৈনিক আজাদ, ইত্তেফাক, সংবাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা, পূর্বদেশ, পিপলস, মর্নিং স্টার, অবজারভার, বিদেশি পত্রিকার মধ্যে আনন্দবাজার পত্রিকা, হিন্দু, ইভিনিং নিউজ, নিউ ইয়র্ক টাইমস, জাপান টাইমস, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্টসহ নানা পত্রিকার অংশ বইটিকে সমৃদ্ধ করেছে।’
অনুষ্ঠানে তথ্য সচিব মকবুল হোসেন বলেন, ‘১৭ এপ্রিল মুজিবনগর দিবস জাতির এক উজ্জ্বল স্মরণীয় দিন। এই দিনের ওপর আলোচনা আমাদের মাঝে দেশপ্রেম ও আত্মত্যাগের অনুভবকে শানিত করে।’ একইসঙ্গে সচিব ‘সংবাদ শিরোনামে বঙ্গবন্ধু’ গ্রন্থটি সবাইকে পড়ে দেখার আহ্বান জানান।
সভায় জাফর ওয়াজেদ মুজিবনগর সরকারের পটভূমি ও ইতিহাসের ওপর আলোকপাত করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর সম্পাদিত ও প্রকাশিত ৫শ’ টাকা মূল্যের গ্রন্থটিতে বঙ্গবন্ধুর ওপর প্রায় পাঁচ শতাধিক দেশি-বিদেশি সংবাদ শিরোনামের ছবি ও তথ্য রয়েছে।








