অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আগামী ১১ মে দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দিন আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের পক্ষে আদালতে শাহীনুর ইসলাম অব্যাহতির আবেদন করে শুনানি করেন। অপরদিকে, দুদকের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনে জোর দাবি জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আগামী ১১ মে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১৪ ফেব্রুয়ারি আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
একই দিন ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যাসহ অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকার মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে মালেকের বিরুদ্ধে আরেকটি মামলা করেন নজরুল ইসলাম।
মামলা দুটি তদন্ত করে গত বছরের ২৭ অক্টোবর আদালতে অভিযোগেত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম।









