সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন ছাত্ররা। মঙ্গলবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে অবরোধ তুলে নেন তারা। এতে করে মিরপুর ও মোহাম্মপুর থেকে এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগ ও গুলিস্তানগামী যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে দুপুর পৌনে ৩টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। মানুষজন বাস থেকে নেমে পাঁয়ে হেঁটে গন্তব্যে যান। বৃদ্ধ ও শিশুদের নিয়ে অনেকে বিপদে পড়েন। বৃদ্ধদের হাত ধরে এবং শিশুদের কোলে নিয়ে রোদ গরম উপেক্ষা করে ফুটপাত ধরে গন্তব্যে দিকে যেতে দেখা যায় মানুষজনকে।
তবে সকাল থেকে মিরপুর থেকে নিউমার্কেট হয়ে আজিমপুরের দিকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
এদিকে আন্দোলন প্রশমনে ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বিকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সোমবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে গেলে দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালান। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়।









