রাজধানীর বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট প্রত্যাশীদের বাড়তি চাপ নেই। যারা আসছেন তারা নির্ধারিত তারিখ অনুযায়ী টিকেট কিনছেন। এছাড়া আগেভাগেই অনেকেই বাড়ি ফিরছেন। অনেকেই পরিবারের সদস্যদের আগেভাগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, যাতে করে ঈদের আগমুহূর্তে যানজট এড়ানো যায়।
শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর গাবতলি বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, কাউন্টারগুলোতে বিভিন্ন গন্তব্যের কাউন্টার মাস্টাররা টিকিট বিক্রির জন্য অপেক্ষায় করছেন। যারা আসছেন নির্ধারিত গন্তব্যে এবং তারিখ অনুযায়ী টিকেট কেটে চলে যাচ্ছেন।
শরিফুল নামে এক যাত্রী জানান, বাসে ভিড়, মহাসড়কে যানজটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা-এসব এড়াতেই পরিবারের সদস্যসহ আগেভাগেই বাড়ি চলে যাচ্ছি।
সুমাইয়া বলেন, যখন ছুটি শুরু হবে তখন তো রাস্তায় আরও বেশি ভিড় থাকবে। এখন রাস্তা একটু খালি পাবো তাই চলে যাচ্ছি। তখন বাসের ভাড়া বেশি লাগতে পারে, সময়ও বেশি লাগবে।
অগ্রিম টিকিট কাটতে আশা রাকিবুল বলেন, আমি ৩০ এপ্রিলের টিকিট কিনতে এসেছিলাম। পেয়েছি। এখন বাসায় চলে যাচ্ছি। ৩০ এপ্রিল ঠিকমতো যেতে পারলেই হয়।
কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদার সংখ্যায় বেশি। সেসব দিনগুলোতে এখন পর্যন্ত টিকেট রয়েছে। যারা আসছেন তারা অগ্রিম টিকেট পাচ্ছেন। কোনও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হয় বাসের অগ্রিম টিকিট বিক্রি।









