একুশে পদকপ্রাপ্ত পাঁচ জন সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের (বাকৃবি) অ্যালামনাই। তারা হলেন, বাকৃবির ইমেরিটাস অধ্যাপক আব্দুস সাত্তার মণ্ডল, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ, ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এনামুল হক, সাহানাজ সুলতানা ও জান্নাতুল ফেরদৌসি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিমন্ত্রী ও বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক বলেন, পাঁচ জন কৃষিবিদ এ বছর একুশে পদক পেয়েছেন। এটি সকল কৃষিবিদের জন্য গর্বের বিষয়। এ পুরস্কার সকল কৃষিবিদকে প্রেরণা যোগাবে।
মন্ত্রী বলেন, গত দুই বছর ধরে করোনার অভিঘাত ও সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই অর্থনীতি ও খাদ্যদ্রব্যের দামে অস্থিরতা চলছে। এর মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েনি, রাজনৈতিক অস্থিরতাও দেখা দেয়নি। বরং অর্থনীতি আরও শক্তিশালী অবস্থানে আছে। এর পেছনে দেশের গার্মেন্ট শিল্প, রেমিট্যান্স ও কৃষির অবদান বেশি। কৃষির এই সাফল্যকে আরও এগিয়ে নিতে কৃষিবিদদের জোরালো ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে কৃষিসচিব সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ বখতিয়ার, বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি হামিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন সংস্থা প্রধান, বিজ্ঞানীসহ পাঁচ শতাধিক বাকৃবি অ্যালামনাই উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশের অর্জনকে কেউ যাতে চক্রান্ত করে ম্লান না করতে পারে এ ব্যাপারে কৃষিবিদদের সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।









