রাজধানীতে মোটরসাইকেলে করে ছিনতাই বাড়ছে

রিয়াদ তালুকদার
২৭ এপ্রিল ২০২২, ০৮:০০আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৫:২০

ঈদকে সামনে রেখে রাজধানীতে আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে শতাধিক ছিনতাইকারী গ্রেফতার হলেও থেমে নেই তাদের অপতৎপরতা। ভোরের দিকে কিংবা ইফতারের পর রাজধানীর বিভিন্ন সড়কে মানুষের চলাচল কম থাকার সুযোগে সক্রিয় হয় তারা। রিকশায় থাকা যাত্রীদের কাছ থেকে ছো মেরে নিয়ে যাচ্ছে মোবাইল কিংবা ব্যাগ। এসময় বাধা দিলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মৃত্যুর মতো ঘটনাও ঘটছে।

সম্প্রতি পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে ২৭ জন এবং র্যাব-৩ এর অভিযানে ১০২ জন ছিনতাইকারী গ্রেফতার হয়। এ চক্রের সদস্যরা সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে ছিনতাই করতো। বিশেষ করে সেহেরির পর ও ইফতারের সময় সড়কে মানুষের চলাচল কমে গেলে মোবাইল বা ব্যাগ টান মেরে পালিয়ে যেতো তারা। এসব ঘটনায় হতাহতও হতে হচ্ছে ভুক্তভোগীদের। ঈদের কেনাকাটা উপলক্ষে শপিং মল ও বাজারকেন্দ্রিক মানুষের চলাচল বেড়ে যাওয়ায় তারাই বেশি টার্গেট হচ্ছে ছিনতাইকারীদের।

অনেক ক্ষেত্রে ছিনতাইয়ের অভিযোগ শোনার পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলেও বিষয়টি খতিয়ে দেখতে তাদের মধ্যে অনীহা লক্ষ্য করা যায়। গত শুক্রবার (২২ এপ্রিল) সকালের দিকে প্রাইভেটকারে থাকা ছিনতাইকারী এক রিকশাআরোহীর ব্যাগ টান মেরে পালিয়ে যায়। ঘটনাটি দেখে কয়েকজন সাংবাদিক গাড়িটির পিছু নেয়। পরে গাড়িটি থামিয়ে পুলিশকে জানানো হলেও রহস্য উদঘাটনে ছিল না কোন উদ্যোগ। এদিকে, সম্প্রতি ভোরে শেওড়াপাড়া এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় হত্যার শিকার হন একজন চিকিৎসক।

এ অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের টহল বা চেকপোস্ট বাড়ানো হয়েছে। কিন্তু তবু কমছে না ছিনতাইয়ের ঘটনা। টহল বা চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি সুনির্দিষ্ট ঘটনা ধরে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব না হলে ছিনতাইয়ের ঘটনা কমবে না।

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার তালিকা করে ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

গত শনিবার (২৩ এপ্রিল) ইফতারের পর একটি অনুষ্ঠান শেষে রিকশা দিয়ে ফেরার পথে পরীবাগে ছিনতাইয়ের শিকার হন বেসরকারি টেলিভিশন এসএ টিভির সাংবাদিক সৌরভ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, তার রিকশাটি পরীবাগ ব্রিজের নিচে আসলে মোটরসাইকেলের পেছনে থাকা লোকটি ছো মেরে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ সময় রাস্তা ছিল অনেকটা ফাঁকা।

গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হন বেসরকারি টেলিভিশন জিটিভির সাংবাদিক রুবিনা ইয়াসমিন। তিনি বলেন, রিকশা করে ধানমন্ডি থেকে মোহাম্মদপুর যাচ্ছিলাম। শংকর এলাকা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের পেছনের থাকা ব্যক্তি আমার ব্যাগ টান দিয়ে পালিয়ে যায়। একটু হলেই রিকশা থেকে পড়ে আরও বড় বিপদে পড়তে হতো।

এ ব্যাপারে ডিএমপি’র গোয়েন্দা বিভাগের যুগ্ম-কমিশনার মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে ছিনতাই কমাতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে অনেক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে, গ্রেফতার ছিনতাইকারীদের অনেকে এর আগেও গ্রেফতার হয়েছিল। জামিনে বেরিয়ে আবারও জড়িয়ে পড়ছে ছিনতাইয়ে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলি-গলি ও প্রধান সড়কে ওৎ পেতে থাকে। পথচারী, রিকশা আরোহী ও যানজটে আটকে থাকা সিএনজিযাত্রীদের টার্গেট করছে চক্রগুলো। আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে অনেক ছিনতাইকারী গ্রেফতার হয়েছে।জিজ্ঞাসাবাদে যাদের তথ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম