পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই যারা ছুটি নিতে পেরেছেন, তারা রাজধানী ছেড়ে যাচ্ছেন। ঘরমুখো মানুষের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় করা না হয়, এ জন্য ভ্রাম্যমাণ আদাল মাঠে রয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে মতিঝিল, গাবতলী ও কল্যাণপুর এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে বাস। যারা আগেই টিকিট করেছিলেন, তারা অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন। তবে অনেকে ভেঙে ভেঙে যেতে সকালে কাউন্টারে এসে টিকিট করছেন।
অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে বিভিন্ন বাস টার্মিনালে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেছে। গাবতলীতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘরমুখো মানুষের যাত্রা কিছুটা যেন স্বস্তিতে হয়, সে ব্যাপারে আমরা মাঠে রয়েছি। গণপরিবহনগুলো কোনও বাড়তি ভাড়া কিংবা অতিরিক্ত যাত্রী যেন পরিবহন করতে না পারে সে ব্যাপারে আমরা নজরদারি করছি।’
সাকুরা পরিবহনের ম্যানেজার মাইনুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে কিছুটা যাত্রীর চাপ রয়েছে উত্তরবঙ্গের গাড়িগুলোর। আজ অফিস-আদালত ছুটি হয়ে যাবে, বিকালের পর থেকে যাত্রীর চাপ বাড়বে।’









