বিদ্যুৎ দুর্ঘটনা প্রতিরোধ ও গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ওভারহেড লাইনের খুঁটি ও তার মাটির নিচে অর্থাৎ ভূগর্ভস্থ ক্যাবল নেটওয়ার্ক স্থাপন করার কাজ হাতে নিয়েছে ডিপিডিসি। ইতোমধ্যে রাজধানীর কিছু কিছু এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ ক্যাবল নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের বিদ্যুতের তার মাটির নিচে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিপিডিসি'র কর্ম পরিকল্পনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আরও উন্নত বিদ্যুৎ সেবা প্রদানের বিষয়ে বৃহস্পতিবার (১২ মে) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান ও সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিপিডিসি'র পক্ষ হতে নারায়ণগঞ্জ এলাকায় ডিপিডিসি'র বিদ্যুৎ ব্যবস্থার পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিশেষ করে ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণের কারিগরি ও সার্বিক উন্নয়নের বিষয় তুলে ধরা হয়। নারায়ণগঞ্জে বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে মেয়রের সহযোগিতা কামনা করা হয়।
সেলিনা হায়াৎ আইভি তার বক্তব্যে নারায়ণগঞ্জের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অত্যন্ত ভালো মন্তব্য করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য ডিপিডিসি'র প্রশংসা করেন। ভবিষ্যতে নারায়ণগঞ্জে ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন স্থাপনে তথা সকল প্রকার বিদ্যুৎ অবকাঠামো নির্মাণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতা সবসময় থাকবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, আমরা অন্য এলাকাগুলোর মতো নারায়ণগঞ্জের লাইনগুলোর মাটির নিচে নিতে চাই। যাতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও ভাল করা যায়। এ বিষয়ে আজ সভা হয়েছে। আশা করছি খুব শিগগিরই কাজ শুরু করা যাবে। এটা আমাদের প্রাথমিক উদ্যোগ।









