২০০১ সালে রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার যুক্তি উপস্থাপন শুনানি পেছালো। পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ মে তারিখ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ মে) মামলাটির যুক্তি উপস্থাপন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের এক আইনজীবী যুক্তি উপস্থাপন শুনানি পেছানোর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম আবেদন মঞ্জুর করে আগামী ২৬ মে নতুন তারিখ নির্ধারণ করেন।
প্রসঙ্গত, ২০০১ সালে পহেলা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও ২০ জন আহত হন। এরপর ওই ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।
২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে করা মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মুফতি হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।









