দেশে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ২০২০ থেকে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন খাতে অব্যবস্থাপনা ও নৈরাজ্যের কারণে শিশুরা সড়ক দুর্ঘটনায় অস্বাভাবিক হারে হতাহত হচ্ছে বলে জানায় সংগঠনটি। বৃহস্পতিবার (১৯ মে) রোড সেফটি থেকে পাঠানো প্রতিবেদনে এতথ্য তুলো ধরা হয়েছে।
গত ২৮ মাসে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে নিহত হয়েছে ৩৩১ শিশু, যা মোট নিহতের ১৯ দশমিক ৭৭ শতাংশ। রাস্তা পারাপার ও রাস্তা ধরে হাঁটার সময় যানবাহনের চাপায়/ধাক্কায় নিহত হয়েছে ১ হাজার ২৭ শিশু, যা মোট নিহতের ৬১ দশমিক ৩৫ শতাংশ। ট্রাক, পিকআপ, ট্রাক্টর, ড্রাম ট্রাক ইত্যাদি পণ্যবাহী যানবাহনের চালক ও সহকারী হিসেবে নিহত হয়েছে ৪৮ শিশু এবং মোটরসাইকেল চালক ও আরোহী হিসেবে নিহত হয়েছে ২৬৮ শিশু।
সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দেশের সড়ক ও সড়ক পরিবহন শিশুবান্ধব না হওয়া, সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতার অভাব, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের পরামর্শ ও প্রশিক্ষণ না দেওয়া, অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক কর্তৃক যানবাহন চালানো, দুর্ঘটনায় আহত শিশুদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার সংকট, আহত শিশুদের চিকিৎসায় পরিবারের আর্থিক অসচ্ছলতা।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, পর্যবেক্ষণে দেখা যায়, শিশুরা গ্রামীণ সড়কে বেশি হতাহত হচ্ছে। কারণ, গ্রামীণ সড়কগুলো বসত বাড়ি ঘেষা এবং এই সড়কের যানবাহনগুলো কোনও প্রকার নিয়ম-নীতি মেনে চলে না। সড়ক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও থাকে না। আবার শিশুরাও সড়ক ব্যবহারের কোনও নিয়ম-নীতি জানে না। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যেমন কোনও উদ্বেগ নেই, তেমনই সাধারণ মানুষের মধ্যেও কোনও প্রকার সচেতনতা সৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে না। অথচ এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে নীরবে আমাদের শিশুরা নিহত হচ্ছে, পঙ্গু হচ্ছে। এটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি। কারণ, প্রতিটি শিশুই অমিত সম্ভাবনাময় এবং আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ।








