বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও অ্যাডভোকেসি করে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। দেশের যে আইন বিদ্যমান আছে তা দিয়ে পরিবেশ রক্ষায় অনেক কিছু করার সম্ভাবনা আছে। শনিবার (২১ মে) বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি অর্জনে আইনের ভূমিকা এবং পরিবেশগত সুশাসন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) অর্থ বাণিজ্য ও টেকসই উন্নয়ন বিষয়ক কমিটির আহ্বায়ক, অধ্যাপক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক, ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) বাংলাদেশের বিশেষ দূত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বায়োডাইভারসিটিজ কমিশনের কমিশনার মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা'র নির্বাহী সদস্য ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুমা। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইইডি)-এর সিনিয়র ফেলো, বাংলাদেশ সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলাপমেন্টের পরিচালক ড. সালিমুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. সাঈদা নাসরিন এবং বাপা'র নির্বাহী সদস্য ও অর্থ, বাণিজ্য ও টেকসই উন্নয়ন বিষয়ক কমিটির সদস্য সচিব, এমএস সিদ্দিকীসহ অন্যরা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ গোলাম সারোয়ার।
গোলাম সারওয়ার বলেন, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের অধিকারের প্রচার এবং এসডিজি অর্জনের জন্য পরিবেশগত শাসনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাংলাদেশে পরিবেশ রক্ষার জন্য বেশ কয়েকটি আইন রয়েছে, তবে পরিবেশগত আইন ও নীতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার জন্য, পরিবেশগত আইনের শাসন তাৎপর্যের দাবিদার যা শুধু আইনের যথাযথ প্রয়োগই বাড়াবে না বরং টেকসই পরিবেশের প্রচারও সহজতর করবে।
আবুল কালাম আজাদ বলেন, আমরা বাংলাদেশ এনার্জি সোসাইটি অ্যাক্ট করেছি। পরিবেশের এক্সপার্টদের নিয়ে একটি প্লাটফর্ম করেছি যেখানে সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা হতে পারে।
ড. সালিমুল হক বলেন, বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও অ্যাডভোকেসি করে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। দেশের যে আইন বিদ্যমান আছে তা দিয়ে পরিবেশ রক্ষায় অনেক কিছু করার সম্ভাবনা আছে।
কে এম নুরুল হুদা বলেন, আমাদের সব স্টেকহোল্ডারের কাছে যেতে হবে। সরকারের পাশাপাশি দেশের সাধারণ মানুষকেও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শরীফ জামিল বলেন, পরিবেশের সামগ্রিক উন্নয়ন করতে পারি সে লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে সরকারকে পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।









