আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে ‘এফএমসি ওটু’ নামের একটি কোম্পানির কাছ থেকে এক কোটি টাকা জরিমানা আদায় করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
টাকা পরিশোধ সংক্রান্ত রশিদ মঙ্গলবার (৭ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে জমা দেওয়া হয়।
জানা গেছে, কোম্পানিটিকে ২০১৭ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে ঋণখেলাপি ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত সঠিক নয় মর্মে ঘোষণা চেয়ে পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে কোম্পানিটি দেওয়ানি মামলা করে। তবে আদালত মামলাটি খারিজ করে দেন।
এরপর কোম্পানির পক্ষ থেকে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করা হয়। সিভিল রিভিশনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ২০১৭ সালের ১০ ডিসেম্বর সিআইবির রিপোর্টের কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেন।
চলমান থাকা সত্ত্বেও গত ৩ মার্চ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করে কোম্পানিটি। তাদের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে দেন। পাশাপাশি কোম্পানিকে এক কোটি টাকা জরিমানা করেন।
জরিমানার কারণ হিসেবে হাইকোর্টের রায়ে বলা হয়, বিচারিক আদালতে আইন অনুযায়ী মামলাটি পরিচালনা না করে তারা ৪ বছর উচ্চ আদালতের স্থগিতাদেশের অপব্যবহার করেছে।
পরে গত ৮ মার্চ হাইকোর্টের জরিমানার রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ওই কোম্পানি। আপিল বিভাগ জরিমানা পরিশোধের নির্দেশ দেন।
আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। কোম্পানিটির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজি উল্লাহ।









