লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার জজ কোর্ট থেকে তিনি জামিন পান।
তার আইনজীবী তৌহিদুল ইসলাম জানান, রেদোয়ান আহমেদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। তার হৃদযন্ত্রে ৩টি রিং ও পেসমেকার বসানো রয়েছে। কারাগারে যেকোনও মুহূর্তে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। ইতোমধ্যে তিনি কারাগারে অসুস্থ হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রেদোয়ান আহমেদের অসুস্থতার বিষয়টি আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আদালত সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৯ মে সাবেক প্রতিমন্ত্রী ও চান্দিনার চারবারের এমপি বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের ওপর সরকার দলের স্থানীয় নেতাকর্মীরা হামলা চালালে তিনি আত্মরক্ষার্থে গুলি ছোড়েন। পরে থানায় আশ্রয় নিলে তাকে গ্রেফতার করা হয়।









