অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে রবিবার (১২ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ এই মামলা দায়ের করেন। দুদকের জনসংযোগ শাখার উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, মামলায় দ্রুত বিচার ট্রাইবুনাল-৪, ঢাকা এবং বিশেষ জজ আদালত-৩ এর সাবেক বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে ১২ লক্ষ ৩৫ হাজার ৫৬৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক তা ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, ২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মানি লন্ডারিং আইনে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার সহযোগী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ২০১০ সালে ওই মামলায় আদালতে চার্জশিট দেওয়া হয়। ২০১৩ সালে বিচার শেষে ওই মামলা থেকে তারেক রহমানকে বেকসুর খালাস দেন বিচারক মোতাহার হোসেন। এরপরই তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে। বিষয়টি খতিয়ে দেখতে দুদক তার সম্পদের বিষয়ে খোঁজ-খবর শুরু করে। প্রাথমিক অনুসন্ধান শেষে দুদকের পক্ষ থেকে অবশেষে মামলা করা হলো। তবে সাবেক বিচারক ওই ঘটনার কয়েক মাস পর অবসরে যান। এরপর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।









