ঋণ জালিয়াতি মামলায় দরকার সংক্ষিপ্ত বিচার: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২২, ২২:১৬আপডেট : ১৩ জুন ২০২২, ২২:১৬

ঋণ জালিয়াতির মতো গুরুতর অপরাধ মামলার তদন্ত থেকে শুরু করে বিচার শেষ হতে দীর্ঘ সময় বিলম্ব হওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন,  দ্রুত বিচার পেতে হলে এ ধরনের মামলার সামারি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার) করা দরকার। আমরা (হাইকোর্ট) একা ফাইট (যুদ্ধ) দিয়ে কী করবো?

ঋণ জালিয়াতির মামলায় আসামির জামিন শুনানিকালে সোমবার (১৩ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তৌফিকুল ইসলাম। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

শুনানিকালে জামিন আবেদনের পক্ষে আইনজীবী তৌফিকুল ইসলাম আদালতকে বলেন, ‘আমার মক্কেল শুধু ঋণ প্রস্তাব প্রস্তুত করে তা সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করেছেন। এছাড়া তার আর কোনও সংশ্লিষ্টতা নাই।’

এসময় আদালত বলেন, ‘পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প তো সরকারের। সেখানে বেসরকারি ব্যাংক থেকে কীভাবে ১৭৬ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হলো? অর্থ আত্মসাতের জন্যই এই জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে।’

দুদকের আইনজীবী শাহীন আহমেদ আদালতকে বলেন, ‘মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। এরপরও আসামিদের জামিন হচ্ছে।’

এক পর্যায়ে আদালত বলেন, ‘সময়মতো তদন্ত প্রতিবেদন দাখিল হচ্ছে না। ফলে বিচারও বিলম্ব হচ্ছে। তদন্ত ও বিচারে বিলম্ব হলে তো কোর্ট জামিন দেবেই। এ কারণে এ ধরনের দুর্নীতির মামলার দ্রুত বিচার শেষের জন্য সামারি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার) দরকার। যাতে মানুষ দ্রুত বিচার পায়, এটা করা গেলে এ ধরনের দুর্নীতি রোধ করা সম্ভব হবে। কারণ, নিম্ন আদালত, হাইকোর্ট এবং আপিল বিভাগ পর্যন্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে লেগে যাচ্ছে বছরের পর বছর। ফলে বিচারের এই দীর্ঘসূত্রতার কারণে ঋণ জালিয়াতির মতো দুর্নীতির অপরাধগুলো বারবার সংঘটিত হচ্ছে। যদি দ্রুত বিচার করা সম্ভব হয়, তাহলে এ ধরনের অপরাধ রোধ করা সম্ভব হবে।’

আদালত আরও বলেন, ‘ব্যাংক থেকে ১৭৬ কোটি টাকা নিয়ে গেছে। মামলার অন্য আসামিদের কেন গ্রেফতার করা হচ্ছে না?  দুদকসহ সবাইকে দুর্নীতি প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে। মামলাটি দ্রুত তদন্ত শেষ করে বিচার শুরুর উদ্যোগ নিন। আমরা (হাইকোর্ট) একা ফাইট (যুদ্ধ) দিয়ে কী করবো? আপনারাসহ যদি সবাই সহযোগিতা না করেন, তাহলে কেমন করে দুর্নীতি নির্মূল করা সম্ভব?’

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আদালতকে বলেন, ‘হাইকোর্টের পর্যবেক্ষণ সঠিক। কারণ, এ ধরনের দুর্নীতির মামলার তদন্ত ও বিচার যত দ্রুত শেষ করা যাবে, ততই জনমনে স্বস্তি আসবে। যাতে আইনের ফাক-ফোকরে কোনও অপরাধী বের হওয়ার সুযোগ না পায়।’

এর আগে জাল ওয়ার্ক অর্ডার ও অবৈধ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে একটি ব্যাংক হতে ১৭৬ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হয়। এরশাদ ব্রাদার্স করপোরেশনের সত্বাধিকারী মো. এরশাদ আলীসহ ১৭ জনের বিরুদ্ধে দুদক এ মামলা করে। মামলায় বাকি ১৬ আসামি ওই বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন পর্যায়ের সাবেক কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন এরশাদ আলী। তিনি ব্যাংকের এই শাখা থেকে পদ্মা বহুমুখী সেতু কার্যালয়ের  ঠিকাদার সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের নাম করে ছয়টি ভুয়া ও জাল ওয়ার্ক অর্ডারের অনুকূলে ১৬৬ কোটি টাকার ঋণ অনুমোদন করান। এই জাল ওয়ার্ক অর্ডারগুলো কোনও ধরনের যাচাই বাছাই ছাড়াই ঋণ প্রদানের পক্ষে সুপারিশ করে ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে (সিআরএম বিভাগ) পাঠানো হয়। পরে সিআরএম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ওই প্রস্তাব ধরনের যাচাই-বাছাই ছাড়াই অবৈধ সুবিধা লাভের মাধ্যমে ঋণ প্রস্তাব অনুমোদনের জন্য ক্রেডিট কমিটির কাছে পাঠান। ক্রেডিট কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহারপূর্বক পরস্পর যোগসাজশের মাধ্যমে কোনও রেকর্ডপত্র যাচাই-বাছাই না করেই ১৬৬ কোটি ১৮ লাখ টাকা জাল ওয়ার্ক অর্ডারের বিপরীতে ঋণের জন্য অনুমোদন প্রদান করে।

এছাড়া এরশাদ করপোরেশন ওই শাখা হতে ২০১৭-১৮ সালের মধ্যে মোট ৭টি ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ১০ কোটি টাকা গ্রহণ করেন। এই ঋণ প্রদান করা হয় ব্যাংকটির প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই।

এই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. আব্দুর রহিমসহ দুই জন আবেদন জানান। সেই মামলার শুনানিতে হাইকোর্ট উপরোক্ত মন্তব্য করেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম