প্রতারণার মাধ্যমে প্রায় ৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে খোন্দকার ইকবাল (৪০) ও তার স্ত্রী হালিমা আক্তারকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাজধানীর সিদ্ধেশ্বরী এবং বনশ্রী এলাকায় অভিযান চালয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, জাল ৯ লাখ ৫০ হাজার টাকা, ১ লাখ ৩০ হাজার টাকার প্রাইজবন্ড, বিভিন্ন জমির দলিল ও বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিআইজি মোজাম্মেল হক বলেন, ‘গ্রেফতার ইকবালের বাড়ি ফেনীর পরশুরাম থানা এলাকায়। ২০০৫ সালে উচ্চ মাধ্যমিক পাস করে ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরিতে সহকারী হিসাবরক্ষক পদে (তৃতীয় শ্রেণি) চাকরি পান তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রকল্পের ৩৮ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তদন্তে অভিযুক্ত হন। এ সময় প্রতিষ্ঠান প্রকল্পে ইকবাল সিন্ডিকেট নামে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত করা হয় ইকবালকে।’
তিনি বলেন, ‘প্রতারণার মাধ্যমে একাধিক প্রাইভেট কোম্পানি এবং একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজের নামে গড়ে তোলেন অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান। সরকারি সম্পদ আত্মসাৎ করে গ্রেফতার ইকবাল ও তার স্ত্রী হালিমার আত্মীয়-স্বজনের নামে বিভিন্ন নামসর্বস্ব কোম্পানি রয়েছে। দেশের বাইরে কানাডা ও আমেরিকায় আত্মীয়-স্বজনের নামে কোটি কোটি টাকা মানি লন্ডারিং করেছেন তারা।’









