করোনাভাইরাস শনাক্তের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ফের জেরার জন্য আগামী ২৯ জুন দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২০ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলার আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষ আদালতে যুক্তি উপস্থাপন করেন। এরপর ডা. সাবরিনার পক্ষে জব্দ তালিকার সাক্ষী ইয়াসিন সরকারের জেরা সম্পন্ন না হওয়ায় তাকে (সাক্ষী ইয়াসিন সরকার) জেরার জন্য ২৯ জুন তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলাটিতে মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন— আবু সাঈদ চৌধুরী, হিমু, তানজিলা, বিপুল, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা। এর আগে গত বছরের ২০ আগস্ট ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালত এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গতবছরের আগস্ট ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুলফিকার হায়াত মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেন।
এর আগে ২০২০ সালের ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে দুপুরের ডা. সাবরিনা ও আরিফসহ আট জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। চার্জশিটে ডা. সাবরিনা ও আরিফকে মূলহোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছে।









