সৌদি আরবের নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনের ভারপ্রাপ্ত মহাসচিব মেজর জেনারেল আল-মুঘেদি ঢাকা আসছেন। এই প্রথমবারের মতো ওই কোয়ালিশনের শীর্ষ নেতৃত্ব ঢাকা সফর করছেন। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের শেষ দিকে তার ঢাকা আসার কথা।
মঙ্গলবার (২১ জুন) ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান বলেন, ‘ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ যোগ দিয়েছিল।’
তিনি বলেন, ‘এই সফরের মাধ্যমে দুই দেশেরর মধ্যে সম্পর্ক আরও ভালো হবে। সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথভাবে যেসব জায়গায় কাজ করা সম্ভব, সেগুলো নিয়ে আলোচনা হবে।’
প্রতিটি দেশ সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরোধী জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই দুষ্টরোগকে প্রতিহত করতে চাই। এগুলো গোটা দেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনকে আঘাত করে।’
সন্ত্রাসবাদ দমনে সৌদি আরব নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে এবং ওইদেশকে অনেক মূল্য দিতে হয়েছে বিশেষ করে গত এক দশকে বলে তিনি জানান।
সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘সন্ত্রাসবাদ দমনে সৌদি আরব একটি সেন্টার উদ্বোধন করেছে এবং অন্যান্য দেশের কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আমাদের যোগাযোগ আছে।’
উল্লেখ্য, সন্ত্রাসবাদ দমন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য ২০১৫ সালে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। বর্তমানে ৪১টি দেশ এর সদস্য।









