রাজধানীর কদমতলীর জুরাইনে গোলাম রাব্বি (২০) নামে এক কবজা তৈরি কারখানার শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রাব্বি কাজের পাশাপাশি একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো। শনিবার সন্ধ্যা ৭ টায় জুরাইন কমিশনার রোড চেয়ারম্যান বাড়ি এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মৃতের ফুফু মদিনা বেগম জানান, বিকালে কারখানা থেকে বাসায় ফিরে এসে রাব্বি নিজের রুমে চলে যায়। সন্ধ্যায় তার রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে রাত সোয়া ৮ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বজনরা জানাতে পারেননি।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
রাব্বি শরীয়তপুর সদর উপজেলার ষোলপাড়া গ্রামের রিকশা চালক হাবিব খানের ছেলে।









