জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। বৃহস্পতিবার (১৪ জুলাই) স্পিকারের সংসদ কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে তারা দক্ষতার সঙ্গে বাংলাদেশ সরকারের কোভিড মোকাবেলা, কোভিড পরবর্তী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন, জেন্ডার বাজেট নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ইউএনডিপি, ইউএনএফপিএ’র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তৃণমূল পর্যন্ত নারী ও শিশুদের সার্বিক উন্নয়নে কাজ করছে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এক্ষেত্রে বিভিন্নভাবে ভূমিকা রেখে চলেছেন। প্রত্যন্ত অঞ্চলে সভা আয়োজনের মাধ্যমে নারী ও শিশুবান্ধব অনেক পরামর্শ পাওয়া গেছে যা আইন-নীতি প্রণয়নে ভূমিকা রাখছে। সরকার ২০০৯-১০ অর্থবছরে প্রথমবারের মতো জেন্ডার বাজেট চালু করে, যা ২০২২-২৩ অর্থবছরেও অব্যাহত রয়েছে।
বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে জিন লুইস বলেন, বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে বর্তমান সরকার যথাযথ ভূমিকা পালন করেছে যা অতুলনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গম এলাকাগুলোতেও ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
এসময় ইউএনএফপিএ বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন ব্লোখুস ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









