প্রয়াত ব্যবসায়ী জসিম উদ্দিন খোকনের প্রায় ৭০ কোটি টাকার সম্পত্তি প্রতারণার মাধ্যমে মা, মামা ও ভাইয়ের বিরুদ্ধে ভোগদখলের অভিযোগ করেছেন তার স্ত্রী সিলভী হাসান শিল্পী।
সাভারের ওই সম্পত্তি ফেরত পেতে রবিবার (২৪ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় সন্তানদের সনদ ও সই নকল করে ৩টি জাহাজ হাতিয়ে নেওয়া এবং অন্যান্য সম্পত্তি ভোগদখল করার অভিযোগ করেন সিলভী হাসান শিল্পী।
২০১৫ সালের ২৭ জুন অসুস্থ হয়ে স্বামীর মৃত্যুর তথ্য জানিয়ে তিনি বলেন, ‘মৃত্যুকালে জসিম উদ্দিন খোকন দুই স্ত্রী,পাঁচ সন্তান রেখে যান। গাবতলী ঘাটে ইট-বালু-পাথর-কয়লা কেনাবেচার ইজারাদারি, প্রায় ১২ কোটি টাকার তিনটি জাহাজ, সিলেটের ভোলাগঞ্জের কোম্পানিগঞ্জে ৮৫ কাঠার জমির ওপরে দু'টি স্টোন ক্র্যাসার মেশিন, মিরপুর বাগবাড়ী আনন্দনগরে আড়াই কাঠার জমির ওপর একতলা একটি ভবন রেখে যান।’
সিলভী হাসান শিল্পীর দাবি, ৪টি প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ৩০ লাখ টাকার মতো আয় হতো। স্বামীর মৃত্যুর পর তার কোটি কোটি টাকার সম্পদ ও লাখ লাখ টাকা মাসিক আয় নিয়ন্ত্রণে নেয় দেবর দিপু ও মামা শ্বশুর লুৎফর রহমান। স্বামীর মৃত্যুর পর তাদেরকে মাসে পারিবারিক খরচ হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হতো। সেটিও ২০১৮ সাল থেকে বন্ধ করে দেয়। অর্থ সংকটে সন্তানদের লেখাপড়া করাতে পারছেন তিনি।
সিলভী হাসান বলেন, ‘স্বামীর দ্বিতীয় স্ত্রী তার মামা লুৎফর রহমানের মেয়ে হওয়ায় প্রতিনিয়ত আমাদের হুমিক-ধমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। বিষয়টি মিরপুর ১ নম্বর ওয়ার্ডের কমিশনার আবু হোসেন ও কাউনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে অবহিত করেও প্রতিকার মেলেনি।’
সন্তানদের অধিকার আদায়ে এবং স্বামীর সম্পত্তি ফেরত পেতে রাজধানীর দারুসসালাম থানায় সাধারণ ডায়েরি করার কথা জানিয়েছেন তিনি। এদিন সংবাদ সম্মেলনে মৃত জসিম উদ্দিনের মেয়ে জোবাইদা হাসান জারা, ছেলে জয়নুল হাসান জায়ান ও আবেদ হাসান শাহিন উপস্থিত ছিলেন।









