ছুটির দিনে প্রাণ পেল বইমেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৭

গ্রন্থমেলায় শিশুপ্রহর অমর একুশে গ্রন্থমেলায় পঞ্চম দিনের সকালটা ছিল শিশুদের দখলে। সকালে মেলার শুরু থেকেই অভিভাবকদের সঙ্গে এসে তারা ভিড় জমিয়েছিল মেলার স্টলগুলোতে। আর চোখ বুলিয়েছে মজার সব বইয়ের পাতায়। তবে সকালটা শিশুদের হলেও মেলার দ্বিতীয়ার্ধটা ছিল সবার। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের, সব পেশার মানুষের মিলনস্থলে পরিণত হয়েছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান। পাঠক দর্শনার্থীদের সঙ্গে মেলায় লেখক, প্রকাশকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
এদিকে ছুটির দিনের লোকসমাগম থাকলেও মেলায় বেচাকেনার পরিমাণ খুব একটা বাড়েনি বলে দাবি করেছেন প্রকাশকরা। অপরদিকে পাঠক, দর্শনার্থীদের অটোগ্রাফ দিতে আর সেলফি তুলতেই ব্যস্ত ছিলেন লেখকরা।
বইমেলার পঞ্চম দিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি ঘুরে দেখা যায় মেলা শুরুর সঙ্গে সঙ্গেই টিএসসির মূল গেট থেকে শুরু করে লাইন ধরে মেলা প্রাঙ্গণে প্রবেশ করছেন পাঠক, দর্শনার্থীরা। এ সময় সোহরাওয়ার্দী উদ্যানের গেটে আর্চওয়ে চালু থাকলেও বাংলা একাডেমিতে প্রবেশ পথে তা বন্ধ ছিল।
সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যায় বিভিন্ন স্টল ঘুরে-ঘুরে বই দেখছেন পাঠকরা। পাঠকদের আকৃষ্ট করতে বিভিন্ন স্টলের বিক্রয় প্রতিনিধিরাও জনপ্রিয় লেখক আর তাদের বইয়ের নাম উল্লেখ করে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। সোহরাওয়ার্দী উদ্যানে কথা হয় আজিমপুর থেকে আসা শাহরিয়ার আলমের সঙ্গে। ছুটির দিনের বইমেলা নিয়ে তিনি বলেন, ‘অন্য দিনগুলোতে সাধারণত একটু ব্যস্ততা থাকে তাই মেলাতে আসার জন্য সাপ্তাহিক এই ছুটির দিনটাই ভালো। ছেলে-মেয়েদের স্কুল কলেজও বন্ধ থাকে এদিন। তাই সপরিবারে মেলায় আসা যায়।’

এদিকে মেলায় পাঠক, দর্শনার্থীদের সমাগম বেশি থাকলেও বেচাকেনা আগের মতই আছে বলে জানান শিখা প্রকাশনীর প্রকাশ নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি ছুটির দিনে মেলায় পাঠকদের সংখ্যা বাড়বে। কিন্তু যেহেতু মেলার এটি প্রথম ছুটির দিন তাই বেচাকেনা খুব একটা বাড়েনি।’ শিশু প্রহরে বইমেলায় সিসিমপুরের পাপেট চরিত্ররা

এ বছর প্রতিদিনই মেলায় এসেছেন জান্নাতুল তিশমি। এখন পর্যন্ত ৫টি বই কিনেছেন উল্লেখ করে সিদ্ধেশ্বরী থেকে আসা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানান, বই পছন্দের কাজ এখনও চলছে। নতুন আসা বইগুলো দেখছি, পছন্দ করছি। আগামীতে আরও কিনবো।’

পাঠক, দর্শনার্থীদের বই পছন্দের পর্ব এখনও চলছে সেটা জানালেন সময় প্রকাশনের মালিক ফরিদ আহমেদও। তিনি বলেন, ‘সবে তো মেলা শুরু হলো। আজকেই মেলার প্রথম ছুটির দিন। পাঠকরা আসতে শুরু করেছেন, বই দেখছেন, পছন্দও করছেন। কিনবেন হয়ত দশ-পনেরো দিন যাওয়ার পর।’

অন্যবারের তুলানায় এবার মেলায় লোকসমাগম বেশি উল্লেখ করে তিনি বলেন, ‘এবার মেলার পরিসর বেড়েছে তাই মানুষজনও আসছেন। ছুটির দিন হওয়ায় পাঠকরা যেমন আসছেন তেমনি লেখকরাও এসেছেন। সবমিলিয়ে বইমেলা আজ অনেকটাই প্রাণ পেয়েছে বলা চলে।’ তবে সবকিছু ঠিক থাকলেও মেলার পরিবেশ এখনো অনেকটা ধুলিময় আর নোংরা বলে অভিযোগ করেন তিনি।

এবারের মেলায় ‘লিফটের ভিতর আটকে পড়া যুবক-যুবতীরা’ নামে প্রকাশ হয়েছে নন্দিত লেখক আনিসুল হকের নতুন বই। সাড়া কেমন পাওয়া যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত বেশ ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। আশা করি আগামীতে তা আরও বাড়বে।’

মেলা প্রাঙ্গণ বাংলা একাডেমি ঘুরে দর্শনার্থীদের ভিড় বেশি দেখা যায় লিটল ম্যাগাজিন চত্বরে। এই চত্বরের ৯২টি স্টলের প্রায় সবগুলোর সামনেই ছিল পাঠকদের ভিড়। যদিও বেচাকেনা তেমন একটা হচ্ছে না বলে জানান লিটল ম্যাগাজিন কোরাসের এক বিক্রয় প্রতিনিধি।

এদিকে ছুটির দিনে মেলায় লোকসমাগম বেশি থাকলেও পুরো মেলা এলাকা জুড়েই ছিল ধূলির প্রাধান্য। এছাড়া বাংলা একাডেমির প্রবেশ পথে নিরাপত্তার জন্য আর্চওয়ে থাকলেও তা বন্ধ ছিল প্রায় এক ঘণ্টা। এর কারণ জানতে চাইলে দায়িত্বরত এক পুলিশ সদস্য বিদুৎ সংযোগ নেই বলে দাবি করেন। কিন্তু তখনও প্রবেশ পথের পাশে স্টলগুলোতে বিদুৎ সংযোগ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে।

এ বিষয়ে জানতে সন্ধ্যা সাতটায় মেলার সদস্য সচিব জালাল আহমেদের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

বইমেলায় ২৫৬টি নতুন বই

অমর একুশে গ্রন্থমেলার পঞ্চম দিনে প্রকাশ পেয়েছে ২৫৬টি নতুন বই। এর মধ্যে গল্প ৪০টি, উপন্যাস ৪৯টি, প্রবন্ধ ৮টি, কবিতা ৬৪টি, গবেষণা ৪টি, ছড়া ৮টি, শিশুসাহিত্য ১৩টি, জীবনী ৮টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণ ৪টি, ইতিহাস ৫টি, রাজনীতি ৪টি, কম্পিউটার ১টি, ধর্মীয় ২টি, অনুবাদ ১টি, ৫টি অভিধান, ২টি সায়েন্স ফিকশন ও অন্যান্য বইয়ের সংখ্যা ৩০টি।

মেলার ৬ষ্ঠ দিনে যা থাকছে

শনিবার মেলা শুরু হবে সকাল ১১টায়। এ সময় দ্বিতীয় দিনের মত শুরু হবে শিশুপ্রহর। এর আগে সকাল ১০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন খায়রুল আলম সবুজ, অধ্যাপক মোহাম্মদ সেলিম এবং অপরেশ কুমার ব্যানার্জী। এছাড়া প্রতিদিনের মত মূল মঞ্চে সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: নাসিরুল ইসলাম

 

/এসআর/এসএম/এজে

সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম