আনোয়ার হোসেন ওরফে খবির উদ্দিন (৫৫) নামে কেরানীগঞ্জ কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে তার মৃত্যু হয়। তার হাজতি নং ৩০৬৯৫/২২।
আনোয়ার হোসেনের বাবার নাম আছিউল হক। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আল আমিন গ্রামে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে কারাকর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. সোহাগ ও মো. দীপু তাকে অসুস্থ অবস্থায় সকাল সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালে আনেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি মাদক মামলায় বন্দি ছিলেন।









