বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ভবিষ্যৎ সংকট সামাল দিতে জ্বালানি ও বিদ্যুৎসহ সব পরিষেবা ব্যবহারে এখনই সাশ্রয়ী হতে হবে। আমি অনুরোধ করবো, আপনারা ব্যক্তিজীবনেও সাশ্রয়ী হন। মঙ্গলবার (২৬ জুলাই) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর বলেন, ‘করোনা মহামারির সময় প্রধানমন্ত্রী বস্ত্র খাতসহ সব ব্যবসায়ীর মাঝে আর্থিক প্রণোদনা ঘোষণা করেছিলেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শিল্প প্রতিষ্ঠান খুলে রাখার পক্ষে সাহসী সিদ্ধান্ত নেন তিনি। এর ফলে বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক মন্দার সময়ও দেশের প্রবৃদ্ধি বেড়েছে।’
মন্ত্রী বলেন, ‘অপরদিকে, শ্রীলঙ্কা করোনা মহামারির সময় শিল্প-কলকারখানাসহ সবকিছু বন্ধ রেখে আজ দেউলিয়া। করোনা মহামারির সময় প্রধানমন্ত্রীর সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই দেশ এক মহাবিপর্যয় কাটিয়ে উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য ইতিহাস। তাই বঙ্গবন্ধুর চিন্তা, আদর্শ ও দর্শন বাংলাদেশের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ড কোথাও ব্যাহত না করে, আমাদের কৃচ্ছ্র সাধন করতে হবে। সরকারের লক্ষ্য ভবিষ্যতে যেন কোনও সংকট তৈরি না হয়। সেজন্য সবাইকে এভাবে সতর্ক হতে হচ্ছে।’
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপর এক সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জাতীয় শোক দিবস’ পালনের জন্য কর্মসূচি চূড়ান্ত করা হয়।









