‘ইঞ্জিনিয়ারস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ বিষয়বস্তুকে সামনে রেখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৫৬তম কনভেনশন রমনার আইইবি’র প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আজ শনিবার (৬ ফেব্রুয়ারি)। সকাল সাড়ে ১০টায় কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রমনার সদর দফতরে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে আইইবির সাধারণ সম্পাদক আবদুস সবুর জানান, কনভেনশনে সারাদেশের প্রায় ছয় হাজার প্রকৌশলী রেজিস্ট্রেশন করেছেন। চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, লন্ডন, দুবাইসহ বিভিন্ন দেশের প্রায় ১শ’ বিদেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন বলেও আশা করছেন তারা।
আবদুস সবুর আরও জানান, এই কনভেনশন চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রাথমিক অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। মূল অনুষ্ঠান শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে যেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/এফএস/এএইচ/








