ঢাকায় সৈয়দ রফিকুল ইসলাম দিলু নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা বাতিল করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিচাপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রিপন বাড়ৈ এবং সঞ্জয় মণ্ডল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি।
জানা গেছে, ব্যবসায়িক বিরোধের জেরে ঢাকার ব্যবসায়ী সৈয়দ রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০২০ সালের ৭ অক্টোবর একটি মামলা হয়। ভুয়া অঙ্গীকারনামা সংযুক্ত করে করা এ মামলায় সিএমএম আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এরপর ওই বছরের ১৭ অক্টোবর আসামিকে গ্রেফতার করলে আদালত জামিন না দিয়ে জেলখানায় পাঠায়। আট দিন জেল খেটে জামিনে মুক্ত হয়ে রফিকুল ইসলামের খোঁজ নিয়ে জানতে পারেন, তার ব্যবসায়ী অংশীদার এক শত্রুকে বাদী বানিয়ে ধানমন্ডির ৫২/ক/১ ঠিকানা ব্যবহার করে মামলাটি দায়ের করা হয়েছে।
ঠিকানাটি ভুয়া জানিয়ে ধানমন্ডি থানা আদালতে প্রতিবেদন দাখিল করে। আসামি পক্ষ এ ব্যাপারে কোনও প্রতিকার না পেয়ে ফৌজদারি কার্যবিধির ৫৬১এ ধারায় বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন।
হাইকোর্ট ২০২১ সালের ৬ জুন রুল জারি করেন এবং সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেন। সিআইডিও উল্লিখিত ঠিকানাটি ভুয়া উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। এর ফলে হাইকোর্ট মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় প্রদান করলেন।









