রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেফতার চার আসামির স্বজনরা হামলা চালিয়েছেন ডিবিসির ক্যামেরাপারসন আল আমিনের ওপর। রবিবার (৩১ জুলাই) বিকেল ঢাকার সিএমএম আদালতের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আল আমিনের চোখ, মুখে আঘাত লেগেছে। ভেঙে ফেলা হয়েছে তার ক্যামেরাও।
জানা যায়, এদিন দুপুরে চার আসামি মাহবুবুর রহমান ওরফে টিটু, জুবের আলম খান ওরফে রবিন ওরফে রেলওয়ে রবিন, আসিফুর রহমান সোহেল ওরফে ঘাতক সোহেল এবং খাইরুল ইসলাম ওরফে খাইরুলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বিকাল তিনটা থেকে সাংবাদিকরা আসামিদের ছবি ও ভিডিও ফুটেজের জন্য অপেক্ষা করতে থাকেন। বিকাল পৌনে ৪টার দিকে পুলিশ পাহারায় আসামিদের হাজতখানা থেকে বের করা হয়। সিএমএম আদালতে নিচে আসামিদের স্বজনরা হুট করেই ডিবিসির ক্যামেরাপারসন আল আমিনের ওপর চড়াও হন। তারা তাকে কিল, ঘুষি মারতে থাকেন। ভেঙে ফেলা হয় তার ক্যামেরাও। পরে কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা আল আমিনকে উদ্ধার করেন। তাদের দেখে হামলাকারীরা দ্রুত আদালত প্রাঙ্গণ থেকে সটকে পড়ে।
পরে আহত আল আমিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ডিবিসির রিপোর্টার লিটন মাহমুদ।









