অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন এবং বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের জীবন-যাপন উপযোগী মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সবচায়ে বড় শিল্প সেক্টর গার্মেন্টস। এর শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৪ বছর আগে। এই ৪ বছরে দ্রব্যমূল্য, বাড়ি ভাড়া এবং জীবন-যাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবে। কিন্তু অদ্যাবধি শ্রমিকদের জন্য নতুনভাবে মজুরি নির্ধারণ করা হয়নি।
তারা বলেন, বর্তমানে দ্রব্যম্যূল্যের উর্ধ্বগতিতে গার্মেন্টস শ্রমিকদের জীবন অতিষ্ঠ। তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। দেশের অর্থনৈতিক গতিশীলতা বিবেচনা এবং সর্বপরি শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন মানের কথা বিবেচনা করে অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে মজুরি নির্ধারণের জোর দাবি জানাই।
এ বিষয়ে শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকাসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।









