সাত বছর ধরে পলাতক থাকা জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দাওয়াহ শাখার প্রধান মো. আফজাল হোসেন ওরফে মিলনকে (৩৮) গ্রেফতার করেছে ডিএমপির এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে বুধবার (১০ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।
এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মো. আসলাম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তি আফজাল ২০১৪ সাল থেকে গাইবান্ধা জেলার জেএমবি দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখা প্রধান জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী এবং দাওয়াহ শাখার প্রধান সাদ ওরফে রতনের একান্ত সহযোগী। ২০১৬ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অভিযান পরিচালনার সময় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন জঙ্গী নেতা আফজাল। এরপর থেকে তিনি দীর্ঘ সাত বছর ধরে নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০১৭ সালে অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে মামলাটি বিচারাধীন।









