বাংলাদেশ বার কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা সত্ত্বেও আইন বিভাগে সেমিস্টার প্রতি ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় (বিআইইউ) কর্তৃপক্ষকে ১৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই টাকা রিটকারী ৫২ শিক্ষার্থীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেছেন আদালত।
শিক্ষার্থীদের টাকা দিয়ে আগামী ৩১ আগস্ট অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
বিশ্ববিদ্যালয়টির ৫২ শিক্ষার্থীর পক্ষে সোমবার (২২ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. নওরোজ রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. গোলাম সারওয়ার পায়েল।
এর আগে বার কাউন্সিল পরীক্ষায় নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড না দেওয়ার সিদ্ধান্ত জানায় বার কাউন্সিল। পরে বার কাউন্সিলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে ভুক্তভোগী ৫২ শিক্ষার্থী রিট দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে আদেশ দিলেন হাইকোর্ট।









