তাজরীন ফ্যাশনস ট্র্যাজেডি মামলায় সাক্ষীর জবানবন্দি নিয়েছেন আদালত। সাক্ষীকে জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করা হয়েছে। রোববার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা জজ এস এম সাইফুল ইসলাম সাক্ষী সোনা মিয়ার সাক্ষ্য গ্রহণের পর এই আদেশ দেন। এ নিয়ে এ মামলায় তিন জনের সাক্ষ্য গ্রহণ শেষ হল।
২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টসে ভয়াবহ আগুনে সরকারি হিসেবে ১১২ জন পোশাককর্মী নিহত হন। আহত হন শতাধিক শ্রমিক। এই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
২০১৩ সালের ১৯ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক একেএম মহসীনুজ্জামান। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
অভিযোগ অনুযায়ী, ভবনের নকশায় ত্রুটি রয়েছে এবং জরুরি নির্গমনের পথ নেই। এছাড়া আগুন লাগার পর শ্রমিকরা বাইরে যেতে চাইলে নিরাপত্তা কর্মীরা অগ্নিনির্বাপন মহড়া বলে শ্রমিকদের কাজে ফেরত পাঠিয়ে ফটক লাগিয়ে দেন।
মামলার আসামিরা হলেন- মালিক দেলোয়ার হোসেন, তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তার, লোডার শামীম, স্টোর ইনচার্জ আল আমিন, সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান, সিকিউরিটি সুপার ভাইজার আল আমিন, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, প্রশাসনিক কর্মকর্তা দুলাল উদ্দিন, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, নিরাপত্তারক্ষী রানা ওরফে আনোয়ারুল, ফ্যাক্টরি ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপক মোবারক হোসেন মঞ্জুর ও শহীদুজ্জামান দুলাল।
/টিএইচ/ইউআই/এজে/আপ-এআর/








