টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেড গ্রুপের সাবেক প্রধান নির্বাহী দাতো মো. ইজাজুদ্দিন ইদ্রিসসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।
তিনি ২২৭ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে এ মামলাটি দায়ের করেন। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২২ আগস্ট) ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মাহতাব এই মামলাটি দায়ের করেন।
মামলায় বাকী বিবাদীরা হলেন রবির চেয়ারম্যান থায়াপারান এস সাঙ্গারাপিল্লাই, রবির দুই পরিচালক ড. হান্স বিজয়সুরিয়া ও বিবেক সুদকে। আদালতের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০১০ সাল রবি আজিয়াটায় চাকরি শুরু করেন মাহতাব। প্রথমে যোগ দিয়েছিলেন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) পদে। এরপর প্রধান পরিচালন কর্মকর্তা এবং সবশেষে ২০১৬-২১ সাল পর্যন্ত প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বছরের আগস্টে তিনি কোম্পানির সঙ্গে নিজের চাকরির চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন। সে অনুসারে ওই বছরের ৩১ অক্টোবর তার চাকরির মেয়াদ শেষ হয়েছে বলে রবির বিবৃতি সূত্রে জানা যায়।
এছাড়া মামলার অভিযোগে বলা হয়, রবির বোর্ড মাত্র তিন দিনের মধ্যে মাহতাবের পদত্যাগপত্র গ্রহণ করলেও চলতি বছরের মে মাসে তার বিরুদ্ধে একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া শুরু করে। তারই ধারাবাহিকতায় অন্যায্যভাবে তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়।
এই সময়ে চাকরির সুযোগসুবিধা বাবদ যে ২০ কোটি টাকা পাওনা ছিল তার মধ্যে মাহতাবকে মাত্র ৩ কোটি ৮০ লাখ টাকা দিয়েছে কোম্পানিটি।









