রাজধানীর কদমতলীতে ইজিবাইকের চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে ফাইজা (৭) নামের আরেক শিক্ষার্থী। বুধবার (২৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার আশ্রাব আলী মাস্টার স্কুলের শিক্ষার্থী এবং আহত ফাইজা (৭) আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। মারিয়া পূর্ব জুরাইনের জুলফিকারের মেয়ে।
দুর্ঘটনার পর গুরতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা সকাল পৌনে ৯টায় মারিয়াকে মৃত ঘোষণা করেন। আর ফাইজা চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জালেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল হক জানিয়েছেন, জুরাইন আশরাফ আলী মাস্টার স্কুলের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল দুই শিশু শিক্ষার্থী। সে সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাদের চাপা দেয়। এতে দুজনেই আহত হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একজন সেখানে মারা গেছে। স্থানীয়রা অটোরিকশাটিকে জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কিছুটা সময় রাস্তা বন্ধ করে রাখেন তারা।
তিনি বলেন, অটোরিকশার চালককে আটক করা হয়েছে। সে বর্তমানে থানায় রয়েছে।









